• রোববার , ২৬ জুলাই ২০২৬

পাপুলের পর আরও ২২ এমপির ঘাপলা অনুসন্ধানে দুদক


প্রকাশিত: ৯:৫৪ পিএম, ১১ নভেম্বর ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০৭ বার

বিশেষ প্রতিনিধি : কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের পর আরও ২২ এমপির ঘাপলা এখন দুদকের হাতে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুদকের অনুসন্ধানে থাকা অন্যান্য সংসদ সদস্যকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনা হবে। আজ বুধবার কুয়েতে গ্রেপ্তার স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পর মোজাম্মেল হক খান এতথ্য জানান।

তিনি বলেন, আরও ২২ জন এমপির নানা ঘাপলার ব্যাপারে অনুসন্ধান চলছে। কমিশনার মোজাম্মেল বলেন, অনুসন্ধানে থাকা অন্যান্য এমপিদের বিষয়েও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা যথাসময়ে সেটিরও রেজাল্ট দিতে পারব।আমরা কোনো কাজে থেমে নেই। আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী চেষ্টা করি যে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সম্মুখীন করা হবে। এই ব্যাপারে কোনো বিলম্ব হবে না। শিগগিরই তা করা হবে। তবে সময় বলা যাবে না।

দুদক থেকে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা কোনো ছাড় পাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির ঊর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে, সেভাবেই আমরা কাজ করি।
এসব সংসদ সদস্যের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, খাস জমি দখল, ঘুষ গ্রহণ, কমিশন নেওয়া ও চাঁদাবাজিসহ নানা অনিয়ম ‍ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।