পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী-ফেসবুকে মাদ্রাসা সুপারের হাসাহাসি

বিশেষ প্রতিনিধি/চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসায় কেকের বদলে ছোট একটি পাউরুটি কেটে জাতিরজনককে তুচ্ছতাচ্ছিল করেছেন
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম। এখানেই শেষ নয় সেটি’কে ফেসবুকে লাইভ করেও দেখানো হয়। এ সময় উপস্থিত শিক্ষকদের হাসাহাসি করতেও দেখা গেছে। এ ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও একজন সহকারী শিক্ষক। বিষয়টিতে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে মর্মে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে কেকের বদলে ছোট একটি পাউরুটি কেটে সেটি ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জাতিরকন্ঠ কে বলেন, ঘটনাটি বঙ্গবন্ধুকে অবমাননার শামিল।
এ অভিযোগে আবদুস সালাম ও গোলাম কবীরসহ উপস্থিত সব শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টাও চলছে।কেকের বদলে পাউরুটি কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাদ্রাসার আরেক শিক্ষক আজমুল হোসেন।



