• রোববার , ২৬ জুলাই ২০২৬

ন্যাশনাল ব্যাংকের টাকার বস্তা কে নিল!


প্রকাশিত: ৯:৫০ পিএম, ১১ মে ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩১১ বার


বিশেষ প্রতিনিধি : ন্যাশনাল ব্যাংকের টাকার বস্তা কে নিল তা নিয়ে চরছে নানা রহস্য? ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া রেমিটেন্সের ৮০ লাখ টাকা ২৪ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার হয়নি। এমনকি কে টাকা গায়েব করেছে তাও উদঘাটন করতে পারেনি পুলিশ। গতকাল (১০ মে) দুপুরে রাজধানীর বাবুবাজার এলাকায় ব্যাংকের নিজস্ব পরিবহন থেকে খোয়া যাওয়া এ টাকার খোঁজে ইতোমধ্যে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রাহকের অর্থের নিরাপত্তার স্বার্থে টাকা উত্তোলন ও বিনিময়ের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে উত্তোলন করে মতিঝিল প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় ৮০ লাখ টাকাভর্তি একটি বস্তা খোয়া গেছে। ডিএমপির ডিসি লালবাগ মুনতাসিরুল ইসলাম বলেন, তাদের হেফাজতে থাকা অবস্থায় এরকম একটি ব্যাগ পাচ্ছে না এটা অনেকটাই রহস্যজনক। ঘটনা তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি আমরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাতিরকন্ঠ কে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১০ মে) টাকা বহন করা গাড়িটি বাবুবাজার এলাকায় পৌঁছালে একটি টাকার বস্তা খোয়া যাওয়ার বিষয়টি টের পান গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কোতোয়ালি থানা পুলিশ।

এদিকে খোয়া যাওয়া রেমিটেন্সের টাকা শিগগিরই সন্ধান পাওয়া যাবে বলে আশা ব্যাংক কর্তৃপক্ষের।ন্যাশনাল ব্যাংক জনসংযোগ বিভাগ এসইও ফয়সাল বলেন, রেমিটেন্সের টাকা তুলে তারা ইসলামপুর ব্রাঞ্চে গিয়েছেন। অফিসার এবং একজন গার্ড উপরে উঠেছিল, তাদের দেরি হচ্ছিল দেখে একজন গার্ড রেখে ড্রাইভার আবার উপরে যায়। আসার পর ইসলামপুরের টাকা তোলার পর দেখে একটা বস্তার টাকা নেই।
আটককৃতরা হলেন- ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুইজন নিরাপত্তাকর্মী।