• রোববার , ২৬ জুলাই ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে টাকা দেবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ৭:২০ পিএম, ১১ ডিসেম্বর ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩০ বার

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে তাদের দূতাবাস। এছাড়াও দেশীয় ১৫ হাজার পর্যবেক্ষকের অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা বলেন তিনি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মিলার বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল অথবা প্রার্থীকে সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধকে সমর্থন করি।’সিইসির সঙ্গে বৈঠকের ব্যাপারে রবার্ট মিলার বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য এসেছিলাম।

আমরা বলেছি, সকল দল অবাধে নির্বাচনে অংশ নেয়ার এবং রাজনীতি করার যেন সুযোগ পায়। তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে এবং র‍্যালি করার সুযোগ পায়। বিতর্কের মধ্যে দিয়ে শক্তিশালী গণতন্ত্র আরো বিকশিত হয়। গণমাধ্যম, বিরোধী দলসমূহ যেন তাদের মত ব্যক্ত করতে পারে।’