নির্বাচন নিয়ে ফখরুলের দম্ভোক্তি-
স্টাফ রিপোর্টার : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, এটা অত্যন্ত পরিষ্কার, নির্বাচন কমিশন সকলের কাছে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কোনো উদ্যোগই গ্রহণ করছে না। তারা সরকারের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে বলতে চাই, গায়েবি মামলায় গ্রেপ্তার বন্ধ করুন, গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন, অন্যথায় উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির সকল দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।
এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, তফসিলের পরও আমাদের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। মামলা-হামলা আর গ্রেফতার বন্ধ না হলে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।তিনি বলেন, সরকারের নির্দেশে প্রহসনের নির্বাচনের উদ্যোগ নিচ্ছে কমিশন। যে কারণে জনমনে প্রশ্ন জেগেছে, শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা?
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘তাদের বসানো নির্বাচন কমিশনার সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য উৎসাহ নিয়ে কাজ করে চলেছে। এই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত তাদের অধিকার ও ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনকে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠ করার কোনা উদ্যোগ নিচ্ছে না। উপরন্তু সরকারের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।‘
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বারবার এই সমস্যাগুলো নিরশনের কথা তাদের বলেছি, আহ্বান জানিয়েছি। তারা কর্ণপাত করছে না। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের কোনো পরিবেশ তৈরি করেনি। কোনো লেভেল প্লেয়িং ফিল্ড প্লেয়িং তৈরি হয়নি। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে।’



