নিরাপরাধ জায়ান বাড়ি ফিরল লাশ হয়ে
বিশেষ প্রতিনিধি : নিরাপরাধ বেলা দেড়টার দিকে লাশ হয়ে বাড়ি ফিরেছেন জায়ান। বনানীর সেই বাড়িতে চলছে শোকের মাতোম। জায়ানের আত্মার শান্তি কামনায় সকাল থেকে চলছে কোরআন তেলাওয়াত।শিশু জায়ান বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও রাজনীতির আগুনের আঁচ তার দেখা ছিল না। বৈশ্বিক রাজনীতির প্যাঁচের সাথে ন্যূনতম সম্পর্কও তার হয়নি। ধর্ম বর্ণ রাষ্ট্র নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ কীভাবে হয় তাও তার জানা হয়নি। সেই ভেদাভেদের আগুনে পুড়েই শেষ হয়ে যেতে হলে নিষ্পাপ শিশু জায়ানকে। হাসপাতালে এখনও ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরী।
শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মরদেহ আজ দুপুরে ঢাকায় পৌঁছেছে। বুধবার বেলা পৌনে ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বিষয়টি জাতিরকন্ঠ কে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরের পরিচালক।
নাতির লাশ আনতে বিমানবন্দরে গিয়েছিলেন নানা শেখ ফজলুল করিম সেলিম। বেলা দেড়টার দিকে আট বছরের নাতির নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন তিনি। সেই বাড়িতে চলছে শোকের মাতোম। জায়ানের আত্মার শান্তি কামনায় সকাল থেকে করা হচ্ছে কোরআন তেলাওয়াত।বাসার কাছেই, যে মাঠে কাটছিল জায়ানের শৈশব সেখানেই তার জানাজার আয়োজন শেষ হয়েছে। বনানী কবরস্থানে দাফনের আয়োজনও শেষ হয়েছে।
জায়ানকে শেষবারের মতো দেখতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসবেন সরকারের মন্ত্রী-এমপি, আসবেন সাধারণ মানুষও। সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িটি ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাদ আসর এখানেই হবে তার নামাজে জানাজা। পরে দাফন করা হবে বনানী কবরস্থানে।গত রোববার শ্রীলঙ্কায় চালানো সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। সেদিনের সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক।



