• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘নিরাপত্তাহীনতা বোধ করছে রেজা কিবরিয়া’


প্রকাশিত: ৪:০১ পিএম, ১৭ ডিসেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

 

বিশেষ প্রতিনিধি : নিরাপত্তাহীনতা বোধ করায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য রেজা কিবরিয়া নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় চলে এসেছেন। গতকাল রোববার সকালে নির্বাচনী এলাকায় গ্রামের বাড়ি ছেড়ে রাজধানীতে ফেরেন।বিষয়টি নিশ্চিত করে কিবরিয়া জানান, দেশে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর যেভাবে হামলা ও হেনস্তা করা হচ্ছে, তাতে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন। এ ছাড়া তার দল গণফোরাম তার নিরাপত্তার বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে। এ কারণে দলীয় প্রধানের নির্দেশে আপাতত তিনি নির্বাচনী এলাকায় থাকছেন না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবার জনগণের পাশে থাকবে।

গত ১০ ডিসেম্বর প্রচারণা চালাতে নিজ নির্বাচনী এলাকায় আসেন রেজা কিবরিয়া। পরের দিন ঢাকা ফিরলেও গত শনিবার আবারও নির্বাচনী এলাকায় আসেন এবং গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগের সহিংসতা দেখে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড দেখলে তার বাবা আর আওয়ামী লীগ করতেন না। তিনি এ দল ছাড়তেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর যে হারে হামলা চালানো হচ্ছে, এতে নির্বাচন করার মতো পরিবেশ দেখা যাচ্ছে না। তবে তিনি জনগণকে এ সংকটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।রেজা কিববিয়ার সিলেট ছাড়ার ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিনি যদি নিরাপত্তাহীনতা বোধ করেই থাকেন, তাহলে বিষয়টি পুলিশকে জানাতে পারতেন। তবে তার জানামতে ওই এলাকায় কোনো ঝুঁকির কারণ নেই।

রেজা কিবরিয়া গত ১৮ নভেম্বর গণফোরামে যোগ দেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পান। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় একটি ক্রেডিট কার্ডের বিপরীতে সাড়ে ৫ হাজার টাকা বকেয়া থাকায় ঋণখেলাপি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিল করে পরে প্রার্থিতা ফিরে পান। তবে প্রথমে ধানের শীষের প্রতীক বরাদ্দ না পেলেও পরে রিটার্নিং কর্মকর্তা তাকে এই প্রতীকে নির্বাচন করার অনুমতি দেন।