নানক সাদেকের নির্বাচন দ্বন্দে-২বলি
বিশেষ প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় আওয়ামী লীগের নানক সাদেকের নির্বাচন দ্বন্দে দুইপক্ষের সংঘর্ষে ২ কিশোর বলি হয়েছে। এরা হচ্ছেন আরিফ (১৫) ও সুজন (১৭)। সংঘর্ষকালে এরা গাড়িচাপায় নিহত হয়েছে। সংঘর্ষ উভয়পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় অন্তত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ের ১৬ নম্বর সড়ক, ১০ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে।
প্রত্যক্ষাদর্শীরা জানান, একটি পিকআপভ্যানে করে কয়েকজন তরুণ লোহার গেটের কাছে আসলে সেখানে তাদের উপর হামলা হয়। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল। এ সময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়ে আরিফ ও সুজন।
পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।দুই কিশোরের পরিবারিক সূত্রে জানা গেছে, যুবলীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হামলা এড়াতে পালাতে গিয়ে গাড়িচাপায় নিহত হয় তারা।
স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। নবোদয়ের পাশাপাশি আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়েও একই সময়ে সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতিরকন্ঠ কে জানান, আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতির উপর নজরদারি চলছে।এ ব্যাপারে সাবেক প্রতিমন্ত্রী নানকের অনুসারী আরিফুল ইসলাম তুহিনকে দায়ী করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদেক খান। অপরদিকে তুহিন বলছে এটা জামায়াত করিয়েছে।তবে দুই কিশোরের মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য করেননি তারা।



