• রোববার , ২৬ জুলাই ২০২৬

নভেম্বরের ১ম সপ্তাহে নির্বাচন তফসিল


প্রকাশিত: ২:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭১ বার

বিশেষ প্রতিনিধি : নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অক্টোবরের মাঝামাঝি অথবা শেষ দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণার পর আর কোনো রাজনৈতিক অস্থিরতা থাকবে না। তখন নির্বাচনী উৎসব বইবে এবং সবাই নির্বাচনে আসার জন্য তোড়জোড় শুরু করবে।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে বিএনপি যে দাবি জানিয়ে আসছে সে বিষয়ে করা প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি যে দাবি করছে সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। শিডিউল ঘোষণার আর এক মাস বাকি আছে। এই সময়ে তো সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। এখানে সরকারে কে থাকলো, এটা তাদের দেখার দরকার নেই।

কাদের বলেন, নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের কোনো কাজ থাকবে না। তারা শুধু রুটিনমাফিক কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেখানে সরকারের কোনো হাত নেই। তখন সরকারের ক্ষমতা সীমিত হয়ে যাবে। বিএনপির দরকার হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশন নিরপেক্ষই আছে।