ধর্ষণের প্রতিবাদ-সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ

বিশেষ প্রতিনিধি : সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে ধর্ষণের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে প্রতিদিন। শুক্রবারে শাহবাগে শুরু হয়েছে মহাসমাবেশ। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ ধর্ষণ, নোয়াখলীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে এই মহাসমাবেশ ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে মহাসমাবেশটি শুরু হয়েছে। দেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ও স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে এই মহাসমাবেশ ডেকেছে এই সংগঠনটি।এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সমর্থন জানিয়েছেন।
সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে বলেন, এদের ছোটখাটো লঘু দণ্ড দিয়ে লাভ নেই। সর্বোচ্চ বিচারের যে দাবি উঠেছে, আমার মনে হয় এটা অযৌক্তিক নয়। এসব অপরাধীদের বিরুদ্ধে সব রাজনৈতিক সামাজিক সংগঠনকে আপসহীন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।এছাড়া, এ বিষয়ে আইনমন্ত্রী জানান, বর্তমান আইনে ধর্ষণের সাজায় পরিবর্তন এনে তা মৃত্যুদণ্ড করা হচ্ছে। এ সম্পর্কিত একটি সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। আগামী সোমবার এই প্রস্তাব উত্থাপিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।



