• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘দুর্নীতি দমন করেই উন্নয়নে সাফল্য আনবো’


প্রকাশিত: ৮:৫৫ পিএম, ১৩ জানুয়ারী ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

বিশেষ প্রতিনিধি : সব ধরনের উন্নয়ন কর্মসূচিকে সুরক্ষা দিতে দুর্নীতি দমন করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘দুর্নীতি আমাদের উন্নয়নের পথে বাধা যেন না হয়, দুর্নীতি আমাদের উন্নয়নকে যেন ম্লান না করে। এ জন্য দুর্নীতি দমন করা আমাদের দায়িত্ব, দুর্নীতি দমন করেই উন্নয়নে সাফল্য আনবো।’

চতুর্থবারের মতো (টানা তৃতীয়বার) সরকারপ্রধান হিসেবে শপথগ্রহণের পর আজ রোববার নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতিমুক্ত থাকা সম্ভব নয়। যেখানে কাজ সেখানে কিছু দুর্নীতি থাকতে পারে। তবে আমরা দুর্নীতি হ্রাসের ব্যাপারে খুব সতর্ক। আমরা জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছি, এখন চলছে মাদক বিরোধী অভিযান। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

গণতন্ত্রের জন্য কাজ করায় প্রজাতন্ত্রের কর্মচারীসহ দেশের জনগণের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতন্ত্র চর্চায় এটি উদাহরণ হিসেবে থাকবে। আমাদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই ধরনের দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ।’আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা প্রত্যেককে আগেরবারের মতো দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই কঠোর পরিশ্রম হবে দেশের জনগণের জন্য। আমাদের স্মরণ রাখতে হবে এই কঠোর পরিশ্রমের ফল ভোগ করবে আমাদের দেশের সাধারণ মানুষ।’

স্বাধীনতা বিরোধী শক্তিরা যেন আর ক্ষমতায় আসতে না পারে-এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারাই (ক্ষমতায়) আসুক না কেন, অবশ্যই স্বাধীনতার স্বপক্ষের হতে হবে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে হবে। স্বাধীনতার এই চেতনাকে ধারণ করেই আমরা দেশকে সামনের দিকে নিয়ে যাবো।’প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটছে। অন্য দেশগুলো এসব প্রযুক্তি ব্যবহার করে সামনে এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকব?’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক করেছি। আমাদের এখন এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি, সঠিক পরিকল্পনা থাকলে সবকিছু অর্জন করা সম্ভব।’এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে এইচ টি ইমাম, ড. মশিউর রহমান ও মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিকীও বক্তব্য দেন।এর আগে অনুষ্ঠানের শুরুতে চতর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।