দানব বাস কেড়ে নিলো মিম-করিমকে
বিমানবন্দর প্রতিনিধি : ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দু’টি দানব বাসের দ্বন্দে প্রাণ গেলো ২শিক্ষার্থীর।নিহতরা
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।ঘটনার পর প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বহু সংখ্যক গাড়ি ভাংচুর করে। বর্তমানে তারা ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। এদের মধ্যে ৯ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।নিহত দুইজন হলো— শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খাতুন মিম।
প্
রত্যক্ষদর্শী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহাঙ্গীর জাতিরকন্ঠকে জানান, ঘটনাস্থলের পাশেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। ঘটনার সময় শিক্ষার্থীরা র্যাডিসনের গ্যাপ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। অনেকে বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস এলে শিক্ষার্থীরা উঠতে চেষ্টা করে।
তখন জাবালে নূর পরিবহনের আরেকটি বাস বাম পাশ দিয়ে এসে ওই দুই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ও কয়েকটি যানবাহন ভাঙচুর চালায়।ক্যান্টনমেন্ট থানার এএসআই রেজাউল ইসলাম জানান, ওই সড়কের যানবাহনকে অন্য সড়ক দিয়ে বের করে দিতে চেষ্টা করছেন তারা। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।



