• রোববার , ২৬ জুলাই ২০২৬

দাতাদের দেখাতে পুলিশের গাড়িতে হামলা-


প্রকাশিত: ৪:৩৩ পিএম, ৩০ মে ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

 

স্টাফ রিপোর্টার : দাতাদের দেখাতেই পুলিশের গাড়িতে হামলা-বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, যারা জঙ্গিদের টাকা দেয় সেই অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ ও অর্থ সাহায্য সচল রাখতে রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে। ।গত ২৬ মে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডিপ্রধান বলেন, ‘ডোনারদের (অর্থদাতা) দৃষ্টি আকর্ষণ করতে এই হামলা হয়। হামলাকারীরা ডোনারদের দেখাতে চেষ্টা করছে যে তাদের কার্যক্রম সচল রয়েছে। তারা ডোনারদের কাছে এই হামলার কথা বলে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে। এ ছাড়া হয়তো আরও বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে ডোনারদের কাছ থেকে টাকা আনার চেষ্টা করবে হামলাকারীরা।’

পুলিশ সদস্যদের ভেতরে ভয়ভীতি সৃষ্টি করাও এই হামলার অন্যতম আরেকটি কারণ বলে জানান সিআইডিপ্রধান। তিনি বলেন, ‘মালিবাগে পুলিশের ভ্যানে হামলা করে হামলাকারীরা চেয়েছে পুলিশ সদস্যদের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করতে। তারা আরও চেয়েছে যেন পুলিশের সদস্যরা মানসিকভাবে ভেঙে যায় এবং তাদের মনোবল দুর্বল হয়ে যায়।’

২৬ মে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়াসহ তিনজন আহত হন। বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে আইএস।এর আগে গত ২৯ এপ্রিল রাত পৌনে আটটার দিকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় আততায়ীরা। ওই হামলায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল ও কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হন। ঘটনার পাঁচ ঘণ্টা পর আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।