ঢাকার সর্বত্র থমথমে পানি
প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে ব্যাহত হয়েছে যান চলাচল, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা
স্টাফ রিপোর্টার : প্রায় ১৭ বছর পর প্রায় পুরো ঢাকা শহর আবার দেখল থমথমে পানি। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এর আগে ২০০৯ সালে একদিনে ঢাকায় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর এত বেশি বৃষ্টিপাত আর হয়নি। অতিভারী বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। প্রায় ১৭ বছর পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে ব্যাহত হয়েছে যান চলাচল, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পর রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে।
জলাবদ্ধতার কারণে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা যায়। কোথাও কোথাও স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করেন।




