• রোববার , ২৬ জুলাই ২০২৬

ঢাকার ব্যবসা বানিজ্যের হৃদপিন্ড ছারখার


প্রকাশিত: ১:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

বিশেষ প্রতিনিধি : রাজধানী ঢাকার ব্যবসা বানিজ্যের হৃদপিন্ড চকবাজারের আগুনে ৭০ পরিবারের স্বপ্ন চুরমার হয়ে গেছে । নিমতলির সেই রাসায়নিক গুদামের আগুন থেকে শিক্ষা না নেয়ায় এবার পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার নয় ঘণ্টা পরও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সকালে হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটানোর পর আগুন আর দেখা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ভেতরে এখনও জ্বলছে। রাসায়নিকসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন পুরো নেভাতে অনেক সময় লাগবে। চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনগুলোতে অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন। ভোরের দিকেও দগ্ধ অবস্থায়

লোকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জাতিরকন্ঠকে বলেন, উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়ার পর হতাহতের সঠিক তথ্য জানা যাবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৪০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে অগ্নিদগ্ধ ৯ জন রয়েছেন বার্ন ইউনিটে। সেখানে থাকা সোহাগ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানায়, চুড়িহাট্টা মসজিদের পাশে প্রয়াত ওয়াহিদ চেয়ারম্যানের চার তলা ভবনটিতে প্রথমে আগুন লাগে। তারপর তা পাশের রাজমনি নামে একটি রেস্তোরাঁ এবং সরু রাস্তার উল্টো দিকের তিনটি ভবনে ছড়ায়। যে ভবনে প্রথম আগুন লাগে, তার নিচতলায় একটি দোকান রয়েছে, দোতলায় রয়েছে বিভিন্ন প্রসাধন-প্লাস্টিক সামগ্রীর গুদাম। উপরের দুটি তলায় রয়েছে বাসা।

প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানান, আগুন লাগার পরপরই চার তলা ভবনটির সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে; ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। পুরান ঢাকার ওই সংকীর্ণ সড়কে রাত সাড়ে ১০টায় অগ্নিকাণ্ড শুরুর সময়ও ছিল যানবাহন আর মানুষের ভিড়। তাছাড়া মসজিদের সামনে ফুটপাতের উপর দোকান, আনাস হোটেলের সামনে একটি ফলের দোকান এবং আরও কয়েকটি ভাসমান দোকান ছিল।মসজিদের উত্তর পাশে, সামনে, দক্ষিণপাশের রাস্তায় ছিল গাড়ি আর চলতি পথের যাত্রীদের ভিড়।

কীভাবে এই আগুন লাগল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে সকলের সন্দেহ দোতলায় যে কসমেটিকের গুদাম ছির সেখানেই ছিল কেমিক্যাল জাতীয় দাহ্য দ্রব্য। তবে তদন্তে এসব বিষয় জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।আনাস হোটেলের কর্মচারী সাইদুর রহমান ঘটনার সময় একটি বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছেন। তিনি বলেন, ওই বিস্ফোরণের পরপরই বিদ্যুৎ চলে যায়। পরে মোবাইল ফোনের বাতি জ্বালিয়ে তিনি কোনোক্রমে হোটেল থেকে বের হন।

হায়দার বক্স লেনের বাসিন্দা আবুল বাশার বলেন, ঘটনার সময় তিনি খানিকটা দূরে দাঁড়িয়ে ছিলেন। বিস্ফোরণের শব্দের সময় তিনি একটি প্রাইভেটকারকে ছিটকে উপরের দিকে উঠে যেতে দেখেন।তিনি বলেন, ওই সময় রাজমনি হোটেলের সামনের রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ওই গ্যাস সিলিন্ডারেও আগুন লাগে। পরে ভবনে ও রাস্তায় ছড়িয়ে পড়ে।আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন লাগা চারতলা ভবনের দক্ষিণের ভবন কাটারা সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ কারণেও ওই রাস্তায় গাড়ি ও মানুষের ভিড় বেশি ছিল।

তিনি বলেন, বিস্ফোরণের পর সবাই দিগ্বদিক ছুটোছুটি শুরু করে। এর মধ্যে আগুনে দগ্ধ হয়ে অনেকে রাস্তাতেই মারা যায়।শরিফ নামে একজন ক্ষোভের সঙ্গে বলেন, আগুন যেভাবেই লাগুক, দোতলার গুদামে দাহ্য পদার্থ থাকায় রাস্তার দুই দিকের ভবনে তা ছড়িয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে মোট পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।ফায়ার সার্ভিসের ডিজি বলেন, সরু ওই সড়কে ভবনগুলো ঘেঁষাঘেষি করে তৈরি করায় আগুন নেভানোর কাজ করতে বেগ পোহাতে হয় অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের। পাশাপাশি ওই এলাকার দোকান ও গুদামগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য; নয় বছর আগে পুরান ঢাকার নিমতলীতেও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাসায়নিকের গুদামের কারণে। তাতে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর পুরান ঢাকার সব কেমিক্যালের গুদাম ও দোকান সরিয়ে ফেলতে বরা হয়েছিল।কিন্তু ব্যবসায়ীরা তাতে সায় দেয়নি। এমনকি প্রশাসনও কার্যকর পদক্ষেপ নেয়নি।