ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি-পুলিশের প্যাদানি

স্টাফ রিপোর্টার : এবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিকারীদের পুলিশ প্যাদানি দিয়েছে।কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে বামপন্থী কয়েকটি সংগঠনের মশাল মিছিল বের করলে পুলিশ বেধড়ক পিটিয়ে প্যাদানি দিয়ে ছত্রভঙ্গ করে।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫-৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সাখাওযাত ফাহাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আসরাফি নিতু রয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ তাদের ওপর হামলা করেনি। আত্মরক্ষার্থে তারা টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।
বিক্ষোভকারীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মশাল মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু মোড়ে পৌঁছানোর আগে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তাদের লাঠিপেটাও করা হয়। পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে চলে যান। এসময় ২৫-৩০ জন আহত হন। এদিকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর শাহবাগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শাহবাগ ও টিএসসি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের ৪-৫ জনের একটি দল পুলিশের কাছে আটকদের বিষয়ে খোঁজ নিতে আসেন। এসময় খালেদুর রহমান নামে এক আন্দোলনকারী জাতিরকন্ঠ কে বলেন, আমাদের ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ৩/৪ জনকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা বাড়তেও পারে।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘পুলিশ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করেছে। আমাদের তিনজন নেতাকর্মীকে আটক করেছে। অন্তত ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’ পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল বেলা ১১টায় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জাতিরকন্ঠ কে বলেন, পুলিশ তাদের (বিক্ষোভকারী) ওপরে হামলা করেনি। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে ১০-১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। তিনি বলেন, এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হামলার সময়ে আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যদি তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগ অবরোধ করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানানো হয়।



