• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘টাইগার এমএলআরএমএস সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে’


প্রকাশিত: ১০:৪৮ পিএম, ২০ জুন ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭৮ বার

বিশেষ প্রতিনিধি : টাইগার এমএলআরএমএস সেনাবাহিনীর সক্ষমতা আরো বাড়াবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের আরো মনোযোগী হতে হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ এমএলআরএস রেজিমেন্টে টাইগার মালটিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (এমএলআরএমএস) সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

এই টাইগার এমএলআরএমএস অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় কম সময়ে একই সাথে দূরবর্তী একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যমান সক্ষমতা আরো বৃদ্ধি করতে এটি একটি নতুন মাত্রা যোগ করবে।প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি এই আধুনিক পদ্ধতি (এমএলআরএমএস) বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনা সদস্যদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাভার সেনানিবাস প্রান্তে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় টাইগার এমএলআরএস সম্পর্কে একটি অডিও-ভিজ্যুয়াল তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাইগার এমএলআরএসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী সেনা সদস্যদের বলেন, দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের পদক্ষেপের লক্ষ্যে এই দিনটি স্মরণীয় হয়ে ওঠে।তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের যে কোনো প্রয়োজনের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চলেছে, বিশেষ করে এখন তারা চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছে। শেখ হাসিনা করোনাভাইরাসের আক্রমণ থেকে নিজেদের দূরে রাখতে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি তার আহ্বানের পুনরাবৃত্তি করেন।