জামায়াত ঐক্যফ্রন্টের মুখোশ খুলেছে-
স্টাফ রিপোর্টার / মেডিকেল রিপোর্টার : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের দুই ধরনের ইশতেহারে ঐক্যফ্রন্টের মুখোশ খুলে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে গত দুদিনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দুই সুর প্রকাশ পেয়েছে। ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও বিএনপির ইশতেহারে বিএনপি সে ব্যাপারে নিশ্চুপ।’
মেনন বলেন, ‘২৫ জন জামায়াতের প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, সেখানে বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধীদের নিয়ে কিছু থাকবে না সেটাই স্বাভাবিক। তাদের দুই ইশতেহারের এই বৈপরীত্যই ঐক্যফ্রন্টের আসল মুখোশ খুলে দিয়েছে। আর এবারের নির্বাচনে দেশের মানুষ তাদের এই প্রতারণাকেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।’
সরকারি চাকরিতে প্রবেশের বয়স প্রসঙ্গে মেনন বলেন, ‘তাদের ইশতেহারে তরুণ সমাজের ভোটের আশায় সরকারি চাকরিতে কোনো বয়সই থাকবে না বলে উল্লেখ করে পক্ষান্তরে তারা তরুণ সমাজকেই বঞ্চিত করেছে। কিন্তু দেশের যুব সমাজ তাদের এই প্রতারণার কৌশল খুব দ্রুতই বুঝতে পেরেছে। নির্বাচনেও এর প্রভাব তারা ঠিকই বুঝতে পারবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক, চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক কামরূল হাসান জাকি, বঙ্গবন্ধু মেডিকেল নার্সেস সুপারিনটেনডেন্ট শান্তনা রানী হালদার, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আবদুল হামিদ, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিন, সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।



