জাপানের প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ

বিশেষ প্রতিনিধি : জাপানের প্রধানমন্ত্রীর আকাস্মিক পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন অ্যাবে।সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমি চাই না দায়িত্বে থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমার শারীরিক সমস্যা কোনো বাধা হয়ে দাঁড়াক। নিজের মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
গত ১৭ আগস্ট সকালে গুরুতর অসুস্থ হয়ে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে সরকারিভাবে উল্লেখ করা হলেও তখন থেকেই জাপানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমগুলোতে অ্যাবের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছিল।জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা জানিয়েছেন, বর্তমানে অ্যাবের স্বাস্থ্য ভালো থাকলেও দু’বার হাসপাতালে যাওয়ায় গুজব সৃষ্টি হয়েছে।
বিশেষ করে সম্প্রতি একবার হাসপাতালে সাড়ে সাত ঘণ্টার বেশি সময় থাকার ফলে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এরপর দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ করার বিষয়টি নিয়ে গুঞ্জন ওঠে।জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করছেন অ্যাবে। এর মধ্য দিয়ে জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।



