• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘জলডাঙা মুজিব পরিবহন’ স্বপ্ন পূরণ হলোনা ইউসুফের-


প্রকাশিত: ৯:২৭ পিএম, ১৭ মার্চ ২১ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩০৫ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘জলডাঙা মুজিব পরিবহন’ স্বপ্ন পূরণ হলোনা ইউসুফের-জলের নৌকা এবার ডাঙ্গায় চড়ত, সেটি উপহার দেয়া হতো জাতিরজনকের কন্যা শেখ হাসিনাকে। এ স্বপ্ন দেখে আসছিলেন লক্ষ্মীপুরের রামগতির মো. ইউছুফ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ‘জলডাঙা মুজিব পরিবহন’ নামে একটি নৌকা বানিয়েছিলেন। যেটি জলপথ ও স্থলপথে চলতে সক্ষম। নৌকাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ইউছুফের সেটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল আজ বুধবার।

এ প্রসঙ্গে রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন জাতিরকন্ঠকে বলেন, বিষয়টি ওপর মহলকে জানিয়েছি। কিন্তু সেখান থেকে গ্রীন সিগন্যাল না পাওয়ায় আপাতত আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না। তবে আমরা আশাবাদি কিছু একটা করতে পারব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে এ নৌকায় চড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু চূড়ান্তের পর হঠাৎ স্থানীয় প্রশাসন তাঁকে অনুমতি দেয়নি। ফলে তিনি নৌকা নিয়ে আর যেতে পারেননি ঢাকায়। এই ইউছুফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে।মঙ্গলবার নৌকাটির উদ্বোধন করার কথা ছিল স্থানীয় প্রশাসনের। ১৭ মার্চ (আজ) প্রধানমন্ত্রীকে উপহারটি বুঝিয়ে দিতে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ইউছুফের। সবকিছু ঠিকঠাক থাকার পরও পুলিশ প্রশাসন থেকে তাঁকে ঢাকার উদ্দেশে রওনা দিতে নিষেধ করা হয়। ফলে ইউছুফের সব আশার গুঁড়েবালি ঘটে।

চার চাকার নৌকাটি লাল-সবুজ রঙে সাজানো। এতেবঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও আঁকা রয়েছে নৌকায়। নৌকায় ওঠার জন্য উড়োজাহাজের আদলে সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এতে গিয়ার, ফলোক্যামেরা, হেডলাইট, ইন্ডিকেটর, এসি ফ্যান, হর্ন ও মিটার বোর্ড রয়েছে। দৃষ্টিনন্দন ডিজাইনের ছাউনি রয়েছে। এ নৌকা দেখতে গত ১০ দিনে ছুটে যান অনেকেই। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে তিন বছর পরিশ্রম করে ১৫ লাখ টাকা ব্যয়ে নৌকাটি তৈরি করেছেন ইউছুফ।

ইউছুফ বলেন, প্রধানমন্ত্রীকে একটি উপহার দেওয়ার স্বপ্ন ছিল। বিষয়টি বাবাকে জানালে তিনি নৌকা তৈরির পরামর্শ দেন। বাবা প্রথমে ৫০ হাজার টাকা দেন। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে প্রধানমন্ত্রীকে একটি উপহার দেওয়ার জন্য নৌকাটি নির্মাণের উদ্যোগ নেন ইউছুফ। ২০১৯ সাল থেকে দিনরাত পরিশ্রম করে নৌকাটি নির্মাণ করেছেন। নিজের নৌকা না থাকলেও প্রধানমন্ত্রীর জন্য নৌকা তৈরি করেছেন ইউছুফ।