• রোববার , ২৬ জুলাই ২০২৬

চোরাচালানে করোনা কিট জব্দ


প্রকাশিত: ১১:০৪ পিএম, ২১ এপ্রিল ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার


বিশেষ প্রতিনিধি : এবার চোরাচালানকৃত করোনা টেস্টিংকিট জব্দ করেছে র‌্যাব-৩। রাজধানীতে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিট উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর রাজারবাগের শহীদবাগ ও খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় আদালতকে সহায়তা করে র‌্যাব-৩।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদবাগে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মজুদ করা তিনশ পিস করোনা টেস্টিং কিট উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে দেড় বছর কারাদন্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৩ এর এএসপি রবিউল ইসলাম জানান, নিকুঞ্জে এখনো অভিযান চলছে। অভিযানে প্রায় সাতশ পিস অবৈধ মজুদ করা টেস্টিং কিট উদ্ধার করা হয়।র‌্যাব সূত্র জানায়, ব্যক্তিগত উদ্যোগে বিনা অনুমতিতে এসব কিট চীন থেকে আনা হয়েছে। এসব কিট আমদানিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। জব্দ কিটগুলো বেসরকারি হাসপাতালে গোপনে বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।