• রোববার , ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম টেস্টে কি চাল চেলেছিল ৩ ইন্ডিয়ান ক্রিকেট জুয়ারী!


প্রকাশিত: ২:৫৭ এএম, ৯ ফেব্রুয়ারি ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৫৮ বার

বিশেষ প্রতিনিধি/চট্টগ্রাম প্রতিনিধি : তিন ইন্ডিয়ান ক্রিকেট জুয়ারী এখন পুলিশের খাঁচায়। চট্টগ্রাম টেস্টে কি চাল চেলেছিল এই ৩ ইন্ডিয়ান ক্রিকেট জুয়ারী তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ বলেছে, চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে সন্দেহভাজন তিন ভারতীয় নাগরিককে আটক করে তাদের ‘গোপন চাল’ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে তাদের জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা গেছে, ভারতীয় তিন নাগরিক কয়েকদিন আগে চট্টগ্রামে আসে। তাদের মধ্যে দু’জন এক হোটেলে উঠেছিলেন। আরেকজন অবস্থান করছিলেন লালখান বাজারের অন্য এক হোটেলে। তার সঙ্গে বাংলাদেশি শাহীনুর নামে এক ব্যক্তি ছিলেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) তিনি ভারতীয় তিন নাগরিকের সঙ্গে স্টেডিয়ামের ভেতরে ছিলেন। পরে হোটেল থেকে পালিয়ে যান শাহীনুর।

এদিকে পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, গ্রেপ্তার হওয়া তিন ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে এই দর্শকবিহীন খেলায় ওরা স্টেডিয়ামে এলো কিভাবে, কিভাবে টিকেট পেলো এবং ওরা এখানে কার কাছে এসেছিলো এই বিষয়গুলো আমাদের প্রশ্নের সম্মুখীন করেছে। এই প্রশ্নগুলো আমরা যাচাই-বাছাই করে দেখবো। বিসিবি কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিতভাবে মামলা করেছে। আমরা মামলা নিয়েছি।