• রোববার , ২৬ জুলাই ২০২৬

গরিবের ডাক্তার কেড়ে নিল করোনা


প্রকাশিত: ২:০৬ এএম, ১৬ এপ্রিল ২০ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

এস রহমান/ হাবিব উদ্দিন : করোনা কেড়ে নিল গরিবের ডাক্তার মঈন উদ্দীন কে। তাঁর শোকে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের মানুষ বুক চাপড়িয়ে আহাজারি করেছেন।এর কারণ, মঈন উদ্দিন ছিলেন এলাকায় ‘গরিবের ডাক্তার’ খ্যাত। মঈন গরিব রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিতেন। করোনা তাঁকে কেড়ে নিলেও মানুষ সকল ভয় উপেক্ষা করে তার জানাযায় অংশ নিয়েছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ছাতকের গ্রামে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, পিপিই ছাড়াই করোনা রোগীর চিকিৎসা করেছিলেন তিনি।এটাই তার কাল হয়ে দাড়ায়। ফলে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈন উদ্দীন মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। দেশে কোভিড আক্রান্ত প্রথম চিকিৎসক হিসেবে তার মৃত্যু হল। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। তার বয়স হয়েছিল ৫০-এর কাছাকাছি। স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (কন্ট্রোল রুম) ডা. আয়েশা আক্তার বুধবার জাতিরকন্ঠ কে এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তার পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণাও দিয়েছেন। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও শোক প্রকাশ করেছেন।

মরহুমের স্ত্রী একজন চিকিৎসক। তার নাম ডা. চৌধুরী রিফাত জামান। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক। মরহুম দুটি ছেলে সন্তান রেখে গেছেন। প্রথম সন্তানের বয়স ১২ বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স ৭ বছর। ডা. মঈন উদ্দীন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের সন্তান। গরিব রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিতেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন নিশ্চিত করেন। তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দীন আমাদের এখানে এসেছিলেন। গত তিন দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ‘রেসপিরেটরি ফেইলিওরের’ কারণে আজ তার মৃত্যু হয়। ওসমানী মেডিকেলের ওই চিকিৎসকের নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয় ৫ এপ্রিল। এরপর থেকে তিনি সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকায় নিজের বাসায় আইসোলেশনে ছিলেন।

জানা গেছে, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৭ এপ্রিল রাতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটের এই হাসপাতালেই কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সেখানে তার অবস্থার অবনতি হলে তার ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে। পরদিন বিকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। ওসমানী মেডিকেলের ওই চিকিৎসকই সিলেটে শনাক্ত হওয়া প্রথম কোভিড-১৯ রোগী। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তিনি সংক্রমিত হন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বুধবার করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে তিনি বলেন, ‘রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তিনি করোনায় সংক্রমিত হন।’ শ্বাসকষ্ট নিয়ে কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুর আগ পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক আজাদ বলেন, তার মৃত্যুর খবর পাওয়ার পরই স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করা হয়। তিনি হাসপাতালে গিয়ে মৃতদেহ দেখেন এবং মরহুমের স্ত্রীর সঙ্গে কথা বলেন। সবার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।

বিএসএমইউ উপাচার্যের শোক প্রকাশ : কোভিড-১৯ আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজের সাবেক মেধাবী ছাত্র (ব্যাচ কে-৪৮) ডা. মঈন উদ্দীন আহমদের মত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বুধবার এক শোক বিবৃতিতে মরহুম ডা. মঈন উদ্দীন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

বিএমএ’র শোক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

ডা. মঈনের বীরত্ব অনুপ্রেরণার উৎস -ওবায়দুল কাদের-

ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডা. মঈন উদ্দীন নিজের জীবনবাজি রেখে চিকিৎসাসেবা দিয়েছেন। তিনি বীরত্ব ও আত্মত্যাগের যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাঙালি জাতি তা চিরকাল স্মরণ করবে। তিনি যুগ যুগ ধরে আর্ত-মানবতার সেবায় নিয়োজিতদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশপ্রেমিক এই চিকিৎসকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এক বিবৃতিতে বুধবার সন্ধ্যায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বাবা মায়ের পাশে দাফন-
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, গ্রামের বাড়ি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদাম পুর গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে বুধবার রাত সাড়ে ৮টায় মঈন উদ্দীনকে দাফন করা হয়। জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও গোলাম কবির।