• রোববার , ২৬ জুলাই ২০২৬

খেললেন খেলা দেখালেন হারলেও মুখ্যমন্ত্রী দিদি মমতা


প্রকাশিত: ৯:৪৮ পিএম, ২ মে ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩০২ বার

কলকাতা থেকে মীরা নায়ার : ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে এবার খেললেন এবং খেলা দেখালেন শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতের আয়রন লেডি মমতা বন্দোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বড় জয় নিয়ে তৃণমূল কংগ্রেসের টানা তৃতীয়বারের মত পশ্চিমবঙ্গের ক্ষমতায় যাওয়া এখন নিশ্চিত। যদিও প্রশ্ন তৈরি হয়েছে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।নন্দীগ্রামে নিজের আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার খবর আসায় প্রশ্ন উঠেছে- দল সরকার গঠন করলে তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?

ভারতীয় সংবিধানের ১৬৩ ও ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হলে তাকে ভারতের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ২৫ বা তার বেশি।তাকে রাজ্যের বিধানসভার সদস্য হতে হবে। আর বিধানসভার সদস্য না হয়েও কেউ যদি মুখ্যমন্ত্রী পদে বসেন, তাকে রাজ্যপালের অনুমতি নিতে হবে।কেউ হেরে যাওয়ার পরও তার দল যদি সংখ্যা গরিষ্ঠতা পায় এবং দলের নির্বাচিত সদস্যরা যদি তাকে নেতা নির্বাচিত করেন, তাহলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই।

তবে ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী হলে তাকে ওই পদে বসার ১৮০ দিনের মধ্যে কোনো একটি আসন থেকে জিতে আসতে হবে। তা না পারলে ছেড়ে দিতে হবে পদ। পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের মধ্যে দুটির ভোটগ্রহণ প্রার্থীর মৃত্যুতে স্থগিত রয়েছে। ফলে এর একটি আসনে ছয় মাসের মধ্যে জিতে এলেই মমতার মুশকিল আসান হয়ে যাবে।

ওদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। তবে তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়েছে।রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের আট দফার নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এরপর একে একে ঘোষণা করা হয় ফলাফল।বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচনের মাঝে দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের ভোট স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।