• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘খালেদা অপরাধ আড়ালের চেষ্টা করছে’


প্রকাশিত: ৮:৫১ পিএম, ৬ সেপ্টেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

 

 

 

স্টাফ রিপোর্টার : আদালতে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সঙ্গে আয়োজিত ওই সভায় শিল্পীদের সম্মানী, শ্রেণিবিন্যাস ও বিভিন্ন দাপ্তরিক সুবিধার বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে শিল্পীদের সুযোগ-সুবিধা পুনরায় পর্যালোচনা করে যুগোপযোগী করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।রাজনীতিতে শিল্পীদের অবদান কোনো অংশেই কম নয় উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘আদালতে যাবেন না বলে আদালতের ওপরে রাজনৈতিক তকমা আরোপ করে বেগম খালেদা জিয়া একদিকে নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করছেন, অন্যদিকে আদালতকেও রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন। এ অপচেষ্টার বিষয়ে সকলের সাথে শিল্পীদেরও সতর্ক থাকতে হবে।’

শিল্পী সংস্থার সভাপতি ড. ইনামুল হক, সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশারসহ বেতার ও টেলিভিশনের শিল্পীরা আলোচনা সভায় অংশ নেন। এ ছাড়া সভায় তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবুয়াল হোসেন, অতিরিক্ত সচিব মো. আজহারুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।