খালেদার চিকিৎসা দাবিতে বিএনপির মানববন্ধন
স্টাফ রিপোর্টার : চিকিৎসার দাবিতে খালেদা জিয়ার জন্য মানববন্ধন করলো বিএনপি। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর দেড়টা পর্যন্ত। জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ মানববন্ধনে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ অঙ্গসংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নিচ্ছেন।
এই কর্মসূচিতে অংশ নিতে বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।মানববন্ধন কর্মসূচি ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সেখানে ৭৪ বছর বয়সী খালেদার স্বাস্থ্যের ‘চরম অবনতি’ হয়েছে দাবি করে উদ্বোগ জানিয়ে আসছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, কারাগারে তাদের নেত্রীর সুচিকিৎসা হচ্ছে না।তার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, প্রতীক অনশন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদানের মত কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল মঙ্গলবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পরে সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাবন্দি খালেদা জিয়াকে ‘শিগগিরই’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে।



