জায়ান কি আর আদর চাইবে এভাবে-
শফিক রহমান : জায়ান কি আর আদর চাইবে এভাবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেদিন আর ফিরবে কি কোন কালে! সেই আদরের জায়ান তো চলে গেছেন না ফেরার দেশে। প্রাণঘাতি জঙ্গি বোমা কেড়ে নিয়েছে বাংরাদেশের ভালবাসার জায়ানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে জায়ানের সেই আদর এখন ইতিহাস।
শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।রবিবার (২১ এপ্রিল) রাতে শিশু জায়ান চৌধুরীর মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যরা। তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
জায়ানের মৃত্যুর খবরে পুরো শেখ পরিবারে আবারও নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরমাখা জায়ানের একটি ছবি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রবিবার রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। এদিন তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়। এর মধ্যে হামলার শিকার একটি হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন।
বোমা হামলায় শেখ সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরীর মৃত্যুর খবর রাতে পরিবারের একটি সূত্র নিশ্চিত করে। জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলেও তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনেই সফরের সময় একটি সংবাদ সম্মেলনে বলেছেন, শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছে।তিনি বলেছেন,সেলিমের মেয়ে-জামাই ও নাতি এ সময় একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। সেখান একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়ে-জামাই আহত হন এবং (গতকাল) বিকেল পর্যন্ত নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাংসদ শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন। তারা কলম্বোর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছিলেন।শেখ সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে পরিবারের সদস্যরা কলম্বোর উদ্দেশে রওয়ানা হয়েছেন।



