কুষ্টিয়ায় মৌলবাদি থাবা- বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাংচুর

বিশেষ প্রতিনিধি/কুষ্ঠিয়া প্রতিনিধি : অবশেষে সেই চিহ্নিত মৌলবাদিরা মাঠে নেমেছে। গভীর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাংচুর করেছে। গতকাল শুক্রবার রাতের কোনও একসময়ে ভাস্কর্যের মুখে ও হাতের অংশে ভাংচুর করে ।এর প্রতিবাদে আজ শনিবার ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। এ সম্পর্কে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জাতিরকন্ঠ কে বলেন,রাত দুইটার দিকে দুজনকে দেখা যাচ্ছে তারা ভাস্কর্য ভাঙচুর করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শহরের সিসি ক্যামেরার ভিডিও দেখে সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জাতিরকন্ঠ কে বলেন, কুষ্টিয়ায় এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শহরকে সৌন্দর্য করার জন্য এখানে ২০০৩ সালে জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে পৌরসভা। এরপর থেকে এটি শাপলা চত্বর হিসেবে পরিচিত।বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে পৌরসভায় বর্তমানে শাপলার ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু করেছে। সেখানে জাতীয় চার নেতার প্রোট্রেটও থাকবে।কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাস্কর্যটির নির্মাণ কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



