• রোববার , ২৬ জুলাই ২০২৬

কার জিঘাংসায় মারা গেল অভিনেত্রী আশা চৌধুরী!


প্রকাশিত: ১০:৫৭ পিএম, ৬ জানুয়ারী ২১ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪০৮ বার

বিশেষ প্রতিনিধি/ মিরপুর প্রতিনিধি : ঘাতক ট্রাক না অন্য কিছু কার জিঘাংসায় মারা গেলেন তরুণ অভিনেত্রী আশা চৌধুরী। আজ আশার মরদেহ কবর থেকে তুলে ময়না-তদন্ত করা হয়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে ট্রাক ধাক্কার দৃশ্য মিলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাইক চালক কৌশলগতভাবে দূর্ঘটনায় পড়লেন কিনা তা নিয়ে রহস্য রয়েছে। পুলিশ বলছে ঘাতক ট্রাকচালককে খোঁজা হচ্ছে। তাকে পাওয়া গেলে রহস্য অনেকটাই পরিস্কার হবে। ওদিকে গ্রেফতারকৃত শামীমকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনা সম্পর্কে আশার মা পারভীন আক্তার বিলাপ করে কাঁদতে কাঁদতে বললেন, আশা শেষ, দুদিন সেন্স ছিল না আমার। তারপরও তিনি বললেন, মেয়ে আমাকে ফোন দিল (রাত) সাড়ে ১১টার দিকে। ফোন দিয়ে বলল, ‘মা আমি বাসায় যাচ্ছি। এরপর রাত তখন একটা ৩৬ কী ৪৫ মিনিট। শামীম আহমেদের ফোন দিল। ফোন দিয়েই শামীম আমাদের জানাল, এখনি টেকনিক্যাল এ আসেন। জানতে চাইলাম, কেন, টেকনিক্যাল কেন যাব? শামীম জানাল, আশা মারা গেছে। তারপর ফোন কেটে দিল শামীম। সঙ্গে সঙ্গে মাইক্রো নিয়ে আমরা চলে গেলাম সোজা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। মেয়েকে দেখেই আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ি। চোখ-মুখে পানি দিয়ে শামীমের কাছে জানতে চাইলাম, সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত কোথায় ছিলি তোরা?

আশার মা বলেন, আমার প্রশ্ন শুনে শামীম একেক বার একেক রকম তথ্য জানাল। আর এখানেই আমার সন্দেহ। শামীম একবার জানাল, বনানী থেকে মিরপুরের রূপনগরের বাসায় যাওয়ার সময় পথ হারিয়ে ফেলেছিল সে। সে পথ হারালেও আমার মেয়ের তো পথ হারানোর কথা না। শামীম আরেকবার বলল, রাস্তায় ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এ দুই ঘণ্টা তারা কোথায় ছিল? সেজন্য আমরা শামীমের নামে মামলা করেছি।গত ৪ জানুয়ারি রাত দেড়টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে একটি ট্রাকের ধাক্কায় মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন অভিনেত্রী আশা চৌধুরী। এতে তাঁর মাথা থেঁতলে যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে। মামলায় আশাকে বহনকারী মোটরসাইকেল চালক শামীম আহমেদসহ অজ্ঞাতনামা এক-দুইজনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে শামীমকে।মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহম্মেদ আজ জাতিরকন্ঠ কে বলেন, টানা চার ঘণ্টা ধরে সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম। ফুটেজে দেখা গেছে, একটি ট্রাক পেছন থেকে শামীমের মোটরসাইকেলকে মেরে দেয়।