• রোববার , ২৬ জুলাই ২০২৬

ককটেল নাটকের মধ্যমনি মন্টু পাকরাও


প্রকাশিত: ৪:৪৫ পিএম, ২২ জুলাই ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

 

রাজশাহী প্রতিনিধি : অবশেষে ককটেল নাটকের মধ্যমনি মন্টু পাকরাও হয়েছে। রাজশাহী বিএনপির তৈরী ককটেল ফাঁদে এবার ধরা খাচ্ছে বিএনপি। গোয়েন্দারা বলেছেন, পরের জন্যে ফাঁদ তৈরী করে এবার নিজেরাই সে ফাঁদে পড়ছে বিএনপি। আর এসব তথ্যে নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়েছে রাজশাহী বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে।

জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির মেয়রপ্রার্থীর পক্ষের গণসংযোগের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর ফাঁদ তৈরী করেছিল দলটির জেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। সূত্র বলেছে, মন্টু ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর মোবাইল ফোনের কথোপকথনের সূত্র ধরে তাঁকে আটক করা হয়।পরে পুলিশ জানিয়েছে, মন্টু তাদের কাছে স্বীকার করেছেন, মোবাইল ফোনের ওই কথোপকথনের একজনের কণ্ঠস্বর তাঁরই।

শনিবার প্রকাশ হওয়া ফোনালাপে মতিউর রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলামের সঙ্গে কথাপ্রসঙ্গে ককটেল বিস্ফোরণের বিষয়টি আনেন। তিনি তাইফুলকে ওই হামলার সঙ্গে কারা জড়িত, তা বলেন। ওই ফোনালাপের সূত্র ধরেই মন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।এদিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার আজ রোববার দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মতিউর রহমান মন্টু ফোনে কথার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।

ফোনালাপে তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত ও জাভেদ নামের দুজনের কথা বলেছেন। এ ছাড়া নাটোর বিএনপির এক নেতার কথা বলেছেন। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে না।ককটেল বিস্ফোরণের পর আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার ও জাভেদ নামের রাজশাহী বিএনপির এক নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। এঁদের ব্যাপারে কোনো তথ্য আছে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, এখনই এ ব্যাপারে তাঁরা কিছু বলতে চাইছেন না।

গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাগরপাড়া বটতলার মোড়ে রাজশাহী জেলা ছাত্রদল গণসংযোগ করার সময় এই ককটেল হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, একজন সাংবাদিকসহ তিনজন আহত হন।
ফোনালাপের সূত্র ধরে গতকাল দিবাগত রাত দুইটার দিকে নগরের কালুমিস্ত্রির মোড় এলাকার নিজ বাসা থেকে মন্টুকে আটক করা হয়।

ওই হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি মামলা করে। এই মামলায় এর আগে হিমেল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নগরের বোয়ালিয়া থানার পুলিশ। তাঁর বাড়ি নগরের বোসপাড়া এলাকায়। আজ হিমেলের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা আছে।