• রোববার , ২৬ জুলাই ২০২৬

এমপি পাপুলের দম্ভচূর্ণ জেল-বাজেয়াপ্ত ১৪০ কোটি টাকাও


প্রকাশিত: ১১:৪২ পিএম, ২৮ জানুয়ারী ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৪২ বার

কুয়েত প্রতিনিধি/কূটনৈতিক রিপোর্টার : অবশেষে এমপি পাপুলের জেল দিয়েছে কুয়েত সরকার। একই সঙ্গে বাজেয়াপ্ত ১৪০ কোটি টাকাও। কুয়েতে গ্রেফতার বাংলাদেশের লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহিদুল ইসলাম পাপুলকে এক মামলায় ৪ বছর জেল দিয়েছে কুয়েত সরকার। আরো ২ মামলা রায়ের অপেক্ষায় রয়েছে।একই সঙ্গে পাপুলের কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) (ব্যাংকে জমাকৃত) ফ্রিজ করার জন্য কুয়েত কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন পাবলিক প্রসিকিউটর। একই ঘটনায় নৈতিক ঙ্খলন জনিত কারণে বাংলাদেশের এমপি পদও এবার খোয়াবেন পাপুল। আদালত সূত্র জানায়, ঘুষ দেওয়ার অভিযোগে চার বছরের কারাদণ্ড এবং ১০ লাখ কুয়েতি দিনার যা বাংলাদেশী টাকায় ২৮ কোটি টাকা জরিমানা করেছে কুয়েত সরকার। ওদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর সততা নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাতিরকন্ঠ কে বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি পাপুলের ৪ বছর সাজা হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চেয়েছি কুয়েতি কর্তৃপক্ষের কাছে। কুয়েতে পাপুলের বিরুদ্ধে মোট তিনটি মামলা চলমান রয়েছে। এরমধ্যে রয়েছে মানবপাচার, ঘুষ দেওয়া এবং অর্থপাচার। ঘুষ দেওয়ার মামলার রায় হয়েছে এবং অন্য দুটি বাকি আছে।

এর আগে গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর উঠে আসে কীভাবে বাংলাদেশের এই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং ঘুষ, উপহারের বিনিময়ে অন্যান্য সুযোগ পাওয়ার জন্য এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা সহায়তা করেছেন।পাপুলের কোম্পানিতে ২০ হাজার বাংলাদেশি কাজ করেন। তদন্তে বের হয়ে এসেছে, পাপুল প্রতি বছর বিভিন্ন ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন।