এবার ‘হাঁস পিডি’কে ছেড়ে প্রাডো দুদকে
বিশেষ প্রতিনিধি : এবার ‘হাঁস পিডি’র প্রাডো গাড়ি ধরে আনা হয়েছে দুদকে। দুর্নীতি দমন কমিশনের নির্দেশে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর গাড়িটি দুদকে পাঠাতে বাধ্য হয়। অবৈধভাবে গাড়িটি ব্যবহার করছিলেন সাবেক সহকারী পরিচালক(হাঁস প্রকল্পের পিডি হিসেবে সমধিক পরিচিত ডাঃ মাহবুবুল হক। তার অবৈধ দখলে থাকা সরকারি প্রাডো জিপটি উদ্ধার করে রাখা হয়েছে দুদকে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মাহবুবুল হক একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও গত ৮ মাস যাবৎ প্রোজেক্ট পরিচালকের (PD) সরকারি গাড়ি ব্যবহার করে আসছিলেন।দুদকের অভিযোগ কেন্দ্রে করা এক অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ অধিদপ্তর দুপুর ১২টায় সাদা রং-এর প্রাডো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৩৫৫৮) দুদকের প্রধান কার্যালয়ের সামনে আনা হয়।
উক্ত গাড়ির চালক দুদকের কাছে জানায়, গত বছর জুন মাসে “হাঁস প্রজনন প্রকল্প” নামক একটি প্রকল্পের মেয়াদ শেষ হয়। অথচ উক্ত প্রকল্পের প্রোজেক্ট পরিচালক ডাঃ মাহবুবুল হক গত ৮ মাস যাবৎ অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রাথমিক তথ্যাবলি সংগ্রহের পর গাড়িটি অধিদপ্তর কর্তৃপক্ষের নিকট ফেরত প্রদান করা হয়।এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “রাষ্ট্রীয় সম্পদের এ অবৈধ ব্যবহার ক্ষমতার অপব্যবহারের শামিল, যা প্রাতিষ্ঠানিক সুশাসন এর পরিপন্থী। দুদক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।”



