‘এবার গণতন্ত্র উদ্ধার করে ছাড়বো’
স্টাফ রিপোর্টার : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় বলেছেন, এদেশ কোন মহারাজা, মহারানীর নয়, এদেশের মালিক জনগণ। দেশে যা হচ্ছে তা মেনে নেয়া যায় না। যাকে তাকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। বিরোধী দলের নেতাকে বন্দি রেখে দেশে গণতন্ত্র থাকে না। বেগম জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দিতে হবে। আইন সবার জন্য সমান। সরকারি দলের জন্য এক আর বিরোধী দলের জন্য অন্য আইন হতে পারে না। স্বাধীন বাংলাদেশে এটা চলতে পারে না। তিনি বলেন, অনির্বাচিত সরকার এটা করতে পারে না। কাউকে বেআইনীভাবে গ্রেপ্তার করা অপরাধ।
তারা যে অন্যায় করছে এক দিন এর জবাব দিতে হবে। তিনি বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনের পর তারা বলেছিল এটি নিয়ম রক্ষার নির্বাচন। আদালতে বলেছিল শিগগির আরেকটি নির্বাচন দেয়া হবে। একে একে পাঁচ বছর চলে গেল। তিনি বলেন, সরকারের কথার এক পয়সার দাম নেই। সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাস্তা বন্ধ করে, বাস বন্ধ করে জনগণকে নিষ্ক্রিয় করা যাবে না। ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকবো। সুষ্ঠু নির্বাচন হতে হবে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। স্বাধীনতার মানে জনগণ ক্ষমতার মালিক।
এর আগে বিকাল তিনটার দিকে মঞ্চে উপস্থিত হন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে দলে দলে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে সোহরাওয়ার্দী এলাকা। তাদের হাতে ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও।দেখা যায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানারও।
রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে আগত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল ও নানা স্লোগানে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তারা স্লোগানে স্লোগানে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। দুপুর একটার পর সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে আশপাশে প্রতিটি সড়কে যানজটের সৃষ্টি হয়। রাজধানীর প্রেসক্লাব এলাকার সড়কটিতে এ মুহূর্তে যানচলাচল বন্ধ রয়েছে।
দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় আজ প্রথমবারের মতো মঞ্চে উঠেন কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে এই জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।



