এখনও রাজাকার-এখনও ষড়যন্ত বিবি’তে
বিশেষ প্রতিনিধি : অবিশ্বাস্য হলেও সত্য এখনও রাজাকার-এখনও ষড়যন্ত চলছে বাংলাদেশ ব্যাংককে (বিবি)। ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে এসব ঘটেছে সরকারের বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের চোখের সামনে। তারা চোখ বুজে সব দেখেছেন-কিন্তু কোনো পদক্ষেপ নেননি।ফলে-ইতিহাস বিকৃতির অভিযোগের বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে অর্থ সচিবকে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী অর্পণ চক্রবর্তী, কামরুজ্জামান কাকন ও শুভজিৎ ব্যানার্জী।
পরে আইনজীবী অর্পণ চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংকের ওই বইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি অন্তর্ভুক্ত করা হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এসব প্রতিবেদন নিয়ে আদালতে মঙ্গলবার রিট আবেদনটি দায়ের করা হয়।
এ রিট আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রুলে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি অন্তর্ভুক্ত করা হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করে ইতিহাস বিকৃতি করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নির্বাহী ব্যবস্থাপক এবং প্রচার ও প্রকাশনা বিভাগের আবুল কালাম আজাদকে রুলের জবাব দিতে বলা হয়েছে।



