• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘ঈদের টাকা লুটতে এসেছিল ‘ওরা’


প্রকাশিত: ১:০২ পিএম, ৪ জুন ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬৫ বার

শফিক রহমান : এটিএম বুথের গার্ডের সতর্কতায় ধরা পড়া সংঘবদ্ধ ডিজিটাল চোরচক্র অবশেষে মুখ খুলেছে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে। তারা বলেছে, বাংলাদেশের ঈদের টাকা লুটতে এসেছিল ইউক্রেনের ডিজিটাল চোরচক্র। এখান থেকে তারা ভারতে চলে যেত। কিন্তু তার আগেই ধরা পড়ে যায় চোরচক্র। এর আগে কার্ড ক্লোন করে এটিএম বুথ থেকে টাকা চুরি করছিল সংঘবদ্ধ চক্র। কিন্তু এবারই প্রথম সিস্টেম হ্যাক করে ব্যাংকের টাকা লুট করছিল ইউক্রেন চক্র। ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের গার্ডের সতর্কতায় ধরা পড়ে যায়।

এদিকে পুলিশ ও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এটিএমের বুথের সিস্টেম হ্যাককারী ইউক্রেন চক্র গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এরা বাংলাদেশের ঈদের টাকা লুট করতে এসেছিল। কিন্তু খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে টাকা লুটকালে ধরা পড়ে যায়। তখন গার্ডের মাধ্যমে এদের দলনায়ক দেনিস ভিতোমস্কি কে প্রথম পাকরাও করে জনতা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে হোটেল ওলিও ড্রিম হ্যাভেন থেকে রবিবার রাতে পাকরাও করা হয় অপর সহযোগীদের।

এরা হচ্ছেন দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)। জালিয়াতিতে জড়িতরা সবাই ইউক্রেনের নাগরিক। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (পূর্ব) উপ-কমিশনার (ডিসি) মো. নূরনবী জাতিরকন্ঠ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডিজিটাল জালিয়াতির মাধ্যমে এটিএম বুথের সিস্টেম হ্যাকিং করে টাকা তোলার মামলায় গ্রেফতার ছয় বিদেশি নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম সোমবার এই আদেশ দেন।’গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সংঘবদ্ধ ডিজিটাল জালিয়াত চক্রের সদস্যরা রবিবার রাতে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে। জালিয়াতির মাধ্যমে ওই বুথ থেকে টাকা তোলার সময় জনসাধারণের সহযোগিতায় দেনিস ভিতোমস্কিকে গ্রেফতার করা হয়। পরে ভিতোমস্কিকে সঙ্গে নিয়ে হোটেল ওলিও ড্রিম হ্যাভেন থেকে বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এটিএম বুথের গার্ড জানান, ডিজিটাল জালিয়াত চক্রটি একটি ডিভাই্স এটিএমে বুথে বসিয়ে অনবরত টাকা হাতিয়ে নিয়ে হাতে পকেটে ব্যাগে এবং ক্রিকেট খেলার প্যাডের মধ্যে ভরছিল। এতে তার সন্দেহ হলে সে ডাক চিৎকার করে লোকজন জড়ো করে। গোয়েন্দারা জানান, এই ছয় আসামি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। তাঁরা অভিনব পদ্ধতি অবলম্বন করে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে টাকা তোলার জন্য এই আসামিরা বাংলাদেশে এসেছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান। জালিয়াতির মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।