• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইয়াবা গলে লাশ:মিলল ১১ পোটলা


প্রকাশিত: ২:১৭ পিএম, ২৭ এপ্রিল ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

মেডিকেল রিপোর্টার : এবার পেটে ইয়াবা গলে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় ওই যুবকের পেটে মিলেছে ১১ পোটলা ইয়াবা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত করার সময় মরদেহের পেট থেকে ১১টি ইয়াবাভর্তি একটি পোটলা উদ্ধার করেছেন। ইয়াবা উদ্ধার হওয়া নিহতের নাম জুলহাস মিয়া (৩২)। নিহত জুলহাস নেত্রকোনা কেন্দুয়া উপজেলার ভবানীপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। ২৭ এপ্রিল, শনিবার বেলা ১১টার দিকে নিহত জুলহাসের ময়নাতদন্তের সময় পেট থেকে ইয়াবার পোটলাগুলো উদ্ধার করেন চিকিৎসকরা।

এদিকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জাতিরকন্ঠ কে জানান, ২৬ এপ্রিল শুক্রবার ভোরের দিকে কমলাপুর বিশ্বাস টাওয়ারের সামনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। আশ-পাশের লোকজন তার মাথায় পানি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। ময়নাতদন্তের সময় পেট থেকে ইয়াবা উদ্ধার করেছেন চিকিৎসকরা। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, মতিঝিল থানার পুলিশ ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য আমাদের কাছে পাঠায়। শনিবার সকাল ১১টার দিকে ময়নাতদন্ত করার সময় মরদেহের পাকস্থলীতে ১১টি ইয়াবার পোটলা পাওয়া যায়। প্রতিটি পোটলার মধ্যে ২০ থেকে ২৫টি ইয়াবা রয়েছে। তারমধ্যে বেশ কিছু ইয়াবা গলে গেছে এই কারণেই তার মৃত্যু হতে পারে। কিছু ইয়াবা পরীক্ষার জন্য রাখা হয়েছে। সম্প্রতি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক নারীর ময়নাতদন্তের সময় বেশ কয়েকটি পোটলা উদ্ধার করেছিলেন চিকিৎসকরা।