ইউএস-বাংলার ৮ গোল্ড স্মাগলারের গাড়িতে জব্দ ৭কেজি সোনা

বিশেষ প্রতিনিধি : এবার ইউএস-বাংলার ৮ গোল্ড স্মাগলারের ক্যাটারিং গাড়িতে জব্দ হল ৭কেজি সোনা। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ক্যাটারিংয়ের গাড়ি তল্লাশি করে প্রায় ৭ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ ঘটনায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ক্যাটারিংয়ের আট জনকে আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে জাতিরকন্ঠ কে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে, মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে বিদেশ থেকে সোনা চোরাচালান হবে। এমন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। দুবাই থেকে ইউএস-বাংলার একটি বিমান (বিএস-৩৪২) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানটি বোর্ডিং ব্রিজ-৪-এ সংযোগ স্থাপনের পরপরই কাস্টমস গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে কাস্টমস গোয়েন্দারা তল্লাশি শুরু করেন।
এ সময় বিমানের ক্যাটারিংয়ের গাড়ির ফুড স্টোরেজের স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় সাত কেজি (৬৯৬০ গ্রাম)। এসব সোনার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্যাটারিংয়ের দায়িত্বরত ৮ জনকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।



