• রোববার , ২৬ জুলাই ২০২৬

আসামি পালাল আইসোলেশন থেকে


প্রকাশিত: ৩:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

যশোর প্রতিনিধি : যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে থাকা অবস্থায় জানালার গ্রিল ভেঙে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন এক হাজতি। গতকাল ১২ এপ্রিল, রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।পালিয়ে যাওয়া সুজন ওরফে শাকিল (২৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকায়। তার করোনার উপসর্গ দেখা দেয়ায় গত ১০ এপ্রিল কারাগার থেকে এনে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জাতিরকন্ঠ কে জানান, সাড়ে চার বছর আগে যশোরের মণিরামপুরের এক মেয়েকে বিয়ে করেন পেশায় গাড়িচালক সুজন। স্ত্রীকে নিয়ে শহরের বারান্দিপাড়ায় বসবাস করতেন তিনি।সম্প্রতি স্ত্রীর সাথে বিচ্ছেদ হয় তার। এরপর সুজন একই এলাকার এক ব্যাংক কর্মকর্তার স্কুলপড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অপহরণ মামলা করেন।

জেলার জানান, গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করে যশোর আনে পুলিশ। এরপর ১০ এপ্রিল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।কিন্তু শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় সুজনকে কারাগার থেকে ওইদিন সন্ধ্যায়ই যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। গতকাল থেকে রাতে জানালা ভেঙে হ্যান্ডকাফসহ পালিয়ে যান সুজন।জেলার আরো জানান, রাত ১০টার দিকে দায়িত্বরত সেবিকা তুলি তাকে ওষুধ খাওয়ার জন্য গেলে পলায়নের বিষয়টি ধরা পড়ে।তার প্রহরায় আইসোলেশন ওয়ার্ডের বাইরের দুই পাশে দুইজন পুলিশ ও চারজন কারারক্ষী ডিউটি করছিলেন। কিন্তু পেছনের জানালা ভেঙে পালানোয় তারা টের পাননি বলেও জানান তিনি।