আঙ্গুল ফুলে বটগাছ দুদকের ফজলুলহক
স্টাফ রিপোর্টার : আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুদক পরিচালক ফজলুল দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বহিষ্কার করা হবে বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ বিকেলে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
ওদিকে খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য ফাঁস করে বাড়তি সুবিধা আদায় করে দুদকের পরিচালক ফজলুল হক বর্তমানে আঙ্গুল ফুলে বটগাছ এ পরিণত হয়েছেন। গড়েছেন একাধিক বাড়ি গাড়িসহ বিশাল সহায় সম্পত্তি। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দুর্নীতিবাজ চক্রের সঙ্গে অাঁতাত করে তিনি অঢেল সম্পত্তি বানিয়েছেন। কাগজে কলমে তিনি ঠিক থাকলেও সম্পত্তি গড়েছেন নিজের পরিবারবর্গের নামে।
এসব জানাজানি হয়ে যাওয়ার পর ফজলুল চাকরি ছেড়ে দিতে উদ্যত হয়েছিলেন। এমন অবস্থায় বিষয়টি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এর কানে যায়। তিনি ফজলুলকে ডেকে এর সত্যতা জানতে চান। ঘটনা পর্যায়ে ফজলুল আমতা আমতা শুরু করলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত হন। এ পর্যায়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আজ বিকেলে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় ফজলুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়ে গাড়িতে ওঠেন।



