• রোববার , ২৬ জুলাই ২০২৬

অরিত্রী’র খুনী কে:হাসনা-জিন্নাত না..!


প্রকাশিত: ১:১৯ পিএম, ৫ ডিসেম্বর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৭ বার

বিশেষ প্রতিনিধি : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী’র খুনী কে তা উদঘাটন করতে শিগগির পাকরাও করা হচ্ছে শিক্ষক হাসনা-জিন্নাত-ও প্রিন্সিপাল নাজনীন কে। তদন্তে বের হবে কে প্রকৃত গুরু অপরাধী আর কে লঘু অপরাধী। ইতিমধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি (মামলা নং-১০) দায়ের করেন।

পল্টন থানার ওসি মাহমুদুল হক জাতিরকন্ঠ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে আসামি করা হয়েছে। তিনি জানান, দণ্ডবিধির ৩০৫ ধারায় মামলাটি দায়ের হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এখনও নির্ধারণ করা হয়নি।

মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান ও টিসি দেয়ার কথা বলায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শান্তিনগর শাখার নবম শ্রেণির ছাত্রী অরিত্রি (১৫) গত ৩ ডিসেম্বর দুপুরে আত্মহত্যা করে।আত্মহত্যার কিছুক্ষণ আগে সে তার মাকে জানিয়েছিল, ‘মা এ লজ্জা নিয়ে বাঁচতে চাই না।’এর আগে অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা মঙ্গলবার দিনভর আন্দোলন করে এবং এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সব পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করে।

এদিকে অরিত্রি অধিকারীর আত্মহত্যার কারণ অনুসন্ধানে মঙ্গলবার ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে বিষয়টি অনুসন্ধান করে ১ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।এ আত্মহত্যার ঘটনায় মঙ্গলবার দুটি তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। দুই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এ বিষয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই ঘটনার তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. ইউসুফকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

অন্য দুই সদস্য হলেন-মাউশির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক শাখাওয়াত হোসেন ও ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা বেনজীর আহমেদ।
অন্যদিকে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস সাংবাদিকদের বলেন, তাদের গঠিত কমিটির নেতৃত্ব দেবেন স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মো. আতাউর রহমান (অভিভাবক প্রতিনিধি)।এ ছাড়া তিন্না খুরশীদ জাহান (নারীদের জন্য সংরক্ষিত পদের অভিভাবক প্রতিনিধি) এবং ভিকারুননিসার শিক্ষক ফেরদৌসী বেগম।