• রোববার , ২৬ জুলাই ২০২৬

অবশেষে ড. কামালের বোধোদয় হয়েছে-


প্রকাশিত: ৬:১৮ পিএম, ৫ জানুয়ারী ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৮ বার

বিশেষ প্রতিনিধি : অবশেষে ড. কামালের বোধোদয় হয়েছে এবং তার দরের নির্বাচিত দুই সাংসদ শিগগির শপথ নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন ড. কামাল হোসেন। তিনি জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিতদের সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। গণফোরাম থেকে বিজয়ী দুজন সংসদ সদস্য হিসেবে শিগগির শপথ নিচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

আজ ৫ জানুয়ারী শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল এমন ইঙ্গিত দেন।গণফোরাম থেকে নির্বাচিতরা শপথ নিচ্ছেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। যে দুজন প্রার্থী নির্বাচনে তারা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা তাদের বিষয়ে ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।’

ধানের শীষ প্রতীকে নির্বাচনে জয় পেয়ে গণফোরাম সদস্যরা শপথ নিলে, এ নিয়ে বিএনপির সঙ্গে তাদের অনৈক্য সৃষ্টি করবে কি না- জানতে চাইলে ড. কামাল বলেন, ‘আমার মনে হয় না।’তবে নির্বাচনে ভোট কারচুপিসহ গুরুতর অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই আহ্বায়ক।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরাম প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের শরিক যুক্তফ্রন্টের প্রধান দল বিকল্প ধারার প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

এছাড়া সিলেট-২ আসনে গণফোরামের নিজস্ব প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে জয়ী হন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।দুই যুগ আগে আওয়ামী লীগ থেকে বেরিয়ে কামাল গণফোরাম গঠনের পর এবারই প্রথম দলটি থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এদিকে, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জাতীয় ঐক্যফ্রন্ট তোলার পর তাদের জোট থেকে বিজয়ীদের শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ তাদের রাজনৈতিক মিত্রদের সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও উপস্থিত ছিলেন না ঐক্যফ্রন্ট থেকে ভোটে বিজয়ী বিএনপির পাঁচ এবং গণফোরামের দুজন।এর আগে গত ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ভোটের ফল প্রত্যাখ্যান করে কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।