• রোববার , ২৬ জুলাই ২০২৬

অবশেষে টাইগারদের বিশ্বকাপ জার্সি বদলাচ্ছে


প্রকাশিত: ১:৩৬ পিএম, ৩০ এপ্রিল ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার

 

 স্পোর্টস রিপোর্টার : অবশেষে টনক নড়েছে বিসিবি’র। বিশ্বকাপের জার্সিতে পরিবর্তন আানা হচ্ছে। পরিবর্তনে লাল সবুজের বাংলাদেশ এর সমন্বয় হচ্ছে।বিশ্বকাপের ফটোসেশনের ২৪ ঘণ্টা না পেরোতেই বাংলাদেশ জাতীয় দলের জার্সির রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিলো ক্রিকেট বোর্ড। জানা গেছে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপের সবুজ জার্সিতে লাল রঙের সমন্বয় করছেন।

ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের দুই ধরনের জার্সি উন্মোচন করা হয়। সোমবার (২৯ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।তবে মাশরাফি-মুশফিকদের জার্সির রঙ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

অনেকের মতেই, জার্সিতে লাল রঙের উপস্থিতি না থাকায় তা বাংলাদেশ দলকে যথাযথভাবে উপস্থাপন করছেনা।এদিকে নানা আলোচনা-সমালোচনার মাঝেই জার্সির রঙে কিছুটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতির সিদ্ধান্তে মূল ডিজাইন ঠিক রেখে জার্সিতে সবুজ ও লাল রঙের সমন্বয় করা হবে। তবে লাল রঙের জার্সিতে কোনো পরিবর্তন আসবেনা।

বিষয়টি নিয়ে অনলাইন দৈনিক জাতিরকন্ঠ সোমবার একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করলে সরকারের ওপর মহলের নজরে আসে।রিপোর্টটিতে বাংলাদেশের বিশ্বকাপ জার্সির লাল রং বাদ দিল কে? লাল সবুজের বাংলাদেশের লাল রং বাদ দেয়ায় তোলপাড় চলছে সারাদেশে। বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে লাল উধাও কেন তা নিয়ে সরকারি মহলের কারো মাথা ব্যথা না থাকলেও সারা দেশবাসী দারুণ ক্ষুদ্ধ। অনেকে এ বিষয়ে জাতিরকন্ঠে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

ওদিকে এর রেশ দেখা যাচ্ছে সোসাল মিডিয়া ফেসবুক সহ অন্যান্য অনলাইন মিডিয়াতেও। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে আগামী ৩০ মে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের। ১২তম আসরকে সামনে রেখে এরইমধ্যে স্কোয়াড ঘোষণা এবং জার্সি উন্মোচন করেছে দলগুলো। পিছিয়ে নেই বাংলাদেশও। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।