অবশেষে ঘুম ভাঙ্গলো স্বাস্থ্য’র ১৪ দুনীর্তিবাজ ব্লাকলিস্টেড-

বিশেষ প্রতিনিধি : অবশেষে ঘুম ভাঙ্গলো স্বাস্থ্য কর্তাদের;১৪ দুনীর্তিবাজ ঠিকাদার ব্লাকলিস্টেড হলো। দুর্নীতি দমন কমিশনের নির্দেশনার প্রায় সাড়ে ৬ মাস পর দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তের অভিযোগে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করলো স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫শে জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এ নির্দেশ দেন। নথি বিশ্লেষণ করে দেখা যায়, এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার ১৩১ কোটি টাকা আত্মসাৎ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এমএসআর, ভারী মেশিন ও সামগ্রী কেনা কাটায় অনিয়ম ও দুর্নীতির ওঠা অভিযোগ তদন্ত করে ২০১৯ সালের ১২ই ডিসেম্বর ১৪টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব।এর ১৭৮ দিন পর এ মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালকে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন। নথিতে আরো দেখা যায়, ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯টি মামলা রয়েছে। ২০১৮ ও ১৯ সালে মামলাগুলো করে দুদক।
কালো তালিকাভুক্ত ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে-
রহমান ট্রেড ইন্টারন্যাশনাল ও রূপা ফ্যাশনের স্বত্বাধিকারী ও দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য অধিদপ্তরের কেরানী আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানম, মেসার্স অনিক ট্রেডার্সের মালিক আবদুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন, মেসার্স ম্যানিলা মেডিসিন অ্যান্ড মেসার্স এসকে ট্রেডার্সের মালিক মনজুর আহমেদ, এমএইচ ফার্মার মালিক মোসাদ্দেক হোসেন, মেসার্স অভি ড্রাগসের মালিক মো. জয়নাল আবেদীন, মেসার্স আলবিরা ফার্মেসির মালিক মো. আলমগীর হোসেন, এসএম ট্রেডার্সের মালিক মো. মিন্টু, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আবদুস সাত্তার সরকার ও মো. আহসান হাবিব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোংয়ের মালিক মো. জাহের উদ্দিন সরকার, ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের মালিক মো. আসাদুর রহমান, এএসএলের এমডি ও সিইও আফতাব আহমেদ ও বেয়ার এভিয়েশনের মালিক মো. মোকছেদুল ইসলাম।



