• রোববার , ২৬ জুলাই ২০২৬

অপরিকল্পিত ভবন থাকলে মন্ত্রীর অ্যাকশন


প্রকাশিত: ২:৩৭ পিএম, ৩০ মার্চ ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

স্টাফ রিপোর্টার : পরিকল্পনা বা নিয়মের বাইরে তৈরি হওয়া রাজধানীর বিভিন্ন ভবন আগামী ১৫ দিনের মধ্যে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার সকালে আগুন লাগা গুলশান ১ নম্বর ডিএনসিসি কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘কোথাও অপরিকল্পিত, অবৈধ ভবন থাকলে আমাকে তথ্য দিন। আমরা অ্যাকশনে যাব।’

তিনি বলেন, আগামী রোববার থেকে রাজউকের পরিদর্শন শুরু হবে। ১৫ দিনের মধ্যে চিহ্নিত করবো কোন কোন ভবন পরিকল্পনা বা নিয়মের বাইরে হয়েছে। প্রয়োজনে সিলগালা করে দেবো, অপসারণ করবো, অথবা উপযোগী অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত সব রকম কার্যক্রম স্থগিত রাখবো।শ ম রেজাউল করিম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি মালিক, ব্যবসায়ী, ডেভেলপার এমনকি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ ভবন নিয়ে আগেও অভিযোগ ছিল। এ ঘটনায় এবার যেদিন তদন্ত শেষ হবে, পরের সপ্তাহে প্রতিবেদনটি জনসমক্ষে তুলে ধরা হবে।শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি এই মার্কেটে আগুন লেগেছিল। সেই আগুনে মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়।