• রোববার , ২৬ জুলাই ২০২৬

ঈদের পর লকডাউন কঠোরতর হবে-সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ


প্রকাশিত: ৫:৩৬ পিএম, ১৭ জুলাই ২১ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৯১ বার

বিশেষ প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। তিনি জানিয়েছেন, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। সেসময় গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার (১৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে অনুষ্ঠিত বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ১৪ দিনের কঠোর বিধিনিষেধের সময় সরকারি-বেসরকারি অফিসসহ শিল্প কারখানা বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে ঈদুল আযহা উপলক্ষে ‘লকডাউন’ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানিকে ঘিরে আমাদের একটি বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সেগুলো বিক্রি করা খুবই জরুরি। তা না হলে যারা বিক্রির জন্য গরু লালন-পালন করেছে তারা ক্ষতিগ্রস্ত হবেন। সবকিছু বিবেচনা করে বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনও বিকল্প নাই।