শোকাতুর বলিউড-কাল রাষ্ট্রীয় শেষকৃত্য শ্রীদেবীর
মুম্বাই থেকে আনা মাই : কাল সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে মুম্বাই প্রশাসন জানিয়েছেন। মুম্বাই এর জুহু অথবা সান্টা ক্রুজে এই শেষকৃত্য হবে। শ্রীদেবীর মরদেহ আনতে একটি প্রাইভেট জেট রওনা হয়েছে রবিবার বিকেলে। মরদেহ আসার ভিত্তিতে কাল সোমবার বেলা ১১টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। সূত্র জানায়, মুম্বাইর জুহু অথবা সান্টা ক্রুজে এই শেষকৃত্য হবে। তবে শেষ পর্যন্ত কোথায় শেষকৃত্য হবে, নিরাপত্তার কারণে তা এখনই ঘোষণা করা হচ্ছে না। এ সময় শ্রীদেবীর পরিবারের সদস্যরা ছাড়াও সেখানে থাকবেন বলিউডের শিল্পী ও কলাকুশলীরা।

এদিকে শ্রীদেবীর মরদেহ দুবাই থেকে আনার জন্য আজ রোববার বিকেলে মুম্বাই থেকে একটি প্রাইভেট জেট রওনা হয়েছে। মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাত আটটা নাগাদ এই প্রাইভেট জেটটি শ্রীদেবীর মরদেহ নিয়ে দুবাই থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবে। এরপর মুম্বাই বিমানবন্দরে আসবে রাত সাড়ে ১১টা নাগাদ। বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে শ্রীদেবীর মরদেহ তাঁর আন্ধেরির লোখান্ডওয়ালা এলাকার বাসায় নিয়ে যাওয়া হবে। শেষকৃত্যের আগে তাঁর মরদেহ এখানেই থাকবে।

আজ সকালে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ শ্রীদেবীর মরদেহের ফরেনসিক প্রতিবেদন তৈরি করছে। এরপরই মরদেহ মুম্বাই পাঠানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়েতে অংশ নেওয়ার জন্য সম্প্রতি দুবাই যান শ্রীদেবী। তাঁর সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফিরে যান বনি কাপুর।
শ্রীদেবী আরও কয়েক দিন ছুটি কাটানোর জন্য দুবাই থেকে যান। গতকাল শনিবার শ্রীদেবীকে চমকে দেওয়ার জন্য আবার দুবাই যান বনি কাপুর।মুম্বাইয়ে করণ জোহরের ‘ধাড়াক’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। জাহ্নবী ও খুশি এখন আছেন অনিল কাপুরের বাসায়। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন করণ জোহর, রানী মুখার্জি ও বনি কাপুরের প্রথম স্ত্রীর সন্তান অর্জুন কাপুর।
এদিকে বলিউডের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবী মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে ভারতসহ সারা বিশ্বে’র মতো শোকে স্তব্ধ বলিউড। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনেকেই শোক বার্তা দিয়েছেন। অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অসংখ্য তারকা।
টুইট করেছেন-অমিতাভ বচ্চন
জানি না কেন এত অসহায় লাগছে।
প্রিয়াঙ্কা চোপড়া
আমার বলার কোনো ভাষা নেই। শ্রীদেবীকে যাঁরা ভালোবাসতেন, সবার প্রতি সমবেদনা। আজ একটা কালো দিন।
প্রীতি জিনতা
আমার অল টাইম ফেবারিট শ্রীদেবী নেই শুনে আমি শকড। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার শক্তি পাক।
বোমান ইরানি
ঘুম ভাঙল এই শকিং খবরটা শুনে। আমাদের শ্রীদেবী আর নেই। বনি আর তাঁর পরিবারের প্রতি সমবেদনা।
নেহা ধুপিয়া
শ্রীদেবী ম্যাম নেই! আমরা আমাদের সবচেয়ে সূক্ষ্ম অভিনেত্রীকে হারালাম।
জ্যাকুলিন ফার্নান্দেজ
শ্রীদেবী, আমরা একজন আইকনকে এত তাড়াতাড়ি হারালাম!
সিদ্ধার্থ মালহোত্রা
শ্রীদেবী ম্যাম নেই শুনে সত্যিই শকড।
আদনান সামি
শেষ রাতে শ্রীদেবীর খবরটা শুনে আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। অসাধারণ প্রতিভা। রেস্ট ইন পিস।
সুস্মিতা সেন
আমি শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গেছেন। কান্না থামাতে পারছি না।
রাভিনা টেন্ডন
শকিং একটা খবরে ঘুম ভাঙল। কেন এমন হলো? এত তাড়াতাড়ি চলে গেল শ্রী!
এ আর রহমান
আমি মর্মাহত। তাঁর পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।
রাজকুমার রাও
ভাবতেই পারছি না! শ্রীদেবী নেই! কী করে সম্ভব! আমাদের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল।
আনুশকা শর্মা
আমি শোকাহত। কী বলব, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
রিতেশ দেশমুখ
ভয়ানক খবর! খবরটা শুনে শোকে স্তব্ধ হয়ে গেছি।




