• শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থিতায় মির্জা ফখরুলকে সমর্থন ইসলামী গণতান্ত্রিক পার্টির


প্রকাশিত: ২:১২ এএম, ১৪ আগস্ট ২৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮ বার

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমান জনপ্রত্যাশাকে ছুঁয়ে গেছেন

 

বিশেষ প্রতিনিধি : রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমান জনপ্রত্যাশাকে ছুঁয়ে গেছেন।

কিন্তু একটি বিষয় অত্যন্ত স্পর্শকাতর, যে বিগত বাংলাদেশের দুই দশকের রাজনীতিতে মির্জা ফখরুলের ব্যক্তিগত কৌশল, কাজের ডায়মেনশন তাকে রাজনৈতিকভাবে শ্রদ্ধা আদায়ে সক্ষম করেছে। এমনকি নতুন একটি সহনশীল বাংলাদেশের যে কথা তার মুখে শোনা যেতো, তার সেই ধারাবাহিকতা এখন কোথায় গিয়ে পৌঁছবে, সেই প্রশ্ন থেকে যায়।’

‘বিএনপির মহাসচিব হিসেবে তিনি বিএনপিকে দীর্ঘদিন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সমালোচনার মুখেও অটল থেকেছেন তার নেত্রী ও নেতার রাজনীতির প্রতি। রাজনৈতিকভাবে অনেক দ্বিমত থাকলেও দেশের রাজনীতিতে মির্জা ফখরুলের অবদান শেষ হওয়ার মতো নয়।’

এম এ আউয়াল বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভবিষ্যত নির্মাণ ও পথদিশায় জাতিকে পথ দেখাবেন বলে আশা করি। আশা করি একজন বীর মুক্তিযোদ্ধার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জনগণের মালিকানা নিশ্চিতের তার যে রাজনৈতিক লক্ষ্য, তা পূরণ করতে সক্ষম হন।’