‘মশিউরকে না ছাড়লে তালা খুলবোনা’
ঢাবি প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী
মশিউর রহমানের মুক্তির দাবিতে বিভাগের ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা।তারা বলেছেন,
মশিউরকে না ছাড়লে তালা খুলবো না।
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমানের মুক্তির দাবিতে বিভাগের ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা।বুধবার সকালে সামাজিক বিজ্ঞান ভবনের ৫১৪, ৫১৫, ৫১৬, ৫১৭ নম্বর রুমে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম বলেন, শিক্ষার্থীরা ক্লাস করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা। আমরা তো আর তাদের মত প্রকাশে বাধা দিতে পারি না। মশিউরের মুক্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। কারণ সে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে তো একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে সব নিয়ম সম্পন্ন করেই বিশ্ববিদ্যালয়ে এসেছে। তার বিষয়টি তাদেরই দেখার কথা।
তিনি জানান, আমি শিক্ষার্থীদের বলেছি, তাদের কী কী দাবি আছে তা আমার কাছে লিখিতভাবে দেয়ার জন্য। আমি সেগুলো প্রক্টরের কাছে পাঠাবো।গত ৫ জুলাই মানববন্ধনে শিক্ষার্থীরা ঘোষণা দেন, মশিউরকে ফেরত না পাওয়া পর্যন্ত ক্লাস বর্জন করবেন তারা।
মশিউরের সহপাঠিরা জানান, মশিউরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরে আমরা ক্লাস বর্জন করছি। আজ সকালে এসে ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে আমাদের বিভাগের শিক্ষার্থীরা। রোববারের মধ্যে মশিউরের মুক্তি না হলে আবার রাস্তায় নামবে বিভাগের শিক্ষার্থীরা।



