• রোববার , ২৬ জুলাই ২০২৬

ঢাকার মুখোশ খুলবে ‘ঢাকা ড্রিম’


প্রকাশিত: ২:১৯ পিএম, ২১ অক্টোবর ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২২৭ বার

প্রসূন রহমান এর ‘ঢাকা ড্রিম’ এর কলাকুশলীরা দেখাবে ঢাকার আসল চেহারা

এস রহমান : দেশের বিশিষ্ট নির্মাতা প্রসূন রহমান এর ‘ঢাকা ড্রিম’ মুখোশ খুলবে ঢাকার। কাল শুক্রবার দেশের বিশিষ্ট প্রেক্ষাগৃহ সমূহে মুক্তি পাবে ‌‌’ঢাকা ড্রিম’।ঢাকার আসল চেহারা কি কাল শুক্রবার তাই দেখাবেন আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুক। এ চরিত্রে অভিনয় করে ফজলুর রহমান বাবু আরেকটি নতুন মাত্রার সৃষ্ঠি করে ফেলেছেন।

নির্মাতা প্রসূন রহমান অনলাইন দৈনিক জাতিরকন্ঠ কে জানালেন, আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে এই ছবি নির্মিত হয়েছে। গল্পটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন তিনি। প্রসূন রহমান স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণ করে থাকেন। ‘ঢাকা ড্রিম’ তারই প্রতিফলন। যা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার ২২ অক্টোবর। রাজধানীর প্রধান প্রধান প্রেক্ষাগৃহ সহ বেশকিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ক্ষণ গুনছে।

অন্ধ ভিক্ষুক ফজলুর রহমান বাবু

নির্মাতা প্রসূন রহমান আরো জানান যে, রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর দুই শাখা, যমুনা ব্লকবাস্টার ও শ্যামলী সিনেমা হল সহ নারায়ণগঞ্জের সিনেস্কোপ -এ ইতোমধ্যে ‘ঢাকা ড্রিম’ মুক্তি চূড়ান্ত হয়েছে। মোট কতোটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেটা আজ বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত করা যাবে।

প্রসূন বলেন, উন্নত জীবনের সন্ধানে অসংখ্য কারণে আমাদের অনেকের ঢাকা শহরে আসতে হয়। এরমধ্য থেকে আমরা দশটি উল্লেখযোগ্য কারণ ‘ঢাকা ড্রিম’ সিনেমায় দেখানোর চেষ্টা করেছি।’বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ঢাকা শহরে আসছেন, এবং প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন নিয়ে এই শহরে এসেছেন। সেইসব স্বপ্নগুলোই ক্যামেরার চোখ দিয়ে দেখবার চেষ্টা আছে এই সিনেমায়।

জানা গেছে, এই সিনেমায় পারুল নামের একটি চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। এই ছবিতে অভিনয় করার বিষয়টি জীবনের অন্যরকম অভিজ্ঞতা বলে মনে করছেন এই অভিনেত্রী। তিনি জানান, যখন আমরা ‘ঢাকা ড্রিম’ এর শুটিংয়ে যাই তখন আমাদের মনে হচ্ছিলো না যে এটা অন্য কারো গল্প, মনে হয়েছে আমার নিজের গল্প। এটা সবার গল্প। মুক্তির পর দর্শক দেখলে বুঝবে, এটা তাদেরও গল্প।

ঢাকা শহর নিয়ে ট্রিলজি নির্মাণের পরিকল্পনা আছে বলেও এসময় জানান নির্মাতা প্রসূন রহমান। এরপরের সিক্যুয়াল ‘লাভ ইউ ঢাকা’ নামে করার কথাও জানান তিনি। যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়াদের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’। যারা প্রত্যেকেই দেখছে গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় আসার স্বপ্ন- যার যার অবস্থান থেকে।

ঢাকা ড্রিমের গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা‌ এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেন্য শিল্পী কুমার বিশ্বজিৎ।