• রোববার , ২৬ জুলাই ২০২৬

ঘুষখোর-ঘুষের বাহাদুরির খপ্পরে এবার স্বয়ং প্রতিমন্ত্রী


প্রকাশিত: ৬:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২১ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৭৪ বার

মনিরামপুর প্রতিনিধি : একেই বলে ঘুষখোর ঘুষের বাহাদুরি! ঘুষ দেননি বলে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র জমি রেজিষ্ট্রি হয়নি। আর একথা খোদ জানিয়েছেন ওই প্রতিমন্ত্রী স্বয়ং। তিনি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’, এ কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। এক সপ্তাহ আগে আমি আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম। কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জন সচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনাতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিও বৈষম্যহীন একটি রাষ্ট্রব্যবস্থার রূপরেখা। তার কন্যাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন নামক ব্রহ্মাস্ত্র উপহার দেন এবং এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন। এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাপ খেলা দেখানোর মধ্য দিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা চালানো হয়।